Last Updated:
HDPE Bags River Erosion Control: তিস্তার প্রবল স্রোতে নদীপাড় ধসে ভিটেমাটি হারানোর আতঙ্ক এবার দূর হতে চলেছে। ময়নাগুড়ির দক্ষিণ মরিচবাড়িতে পাথর পরিবহনের সমস্যা দূর করতে আধুনিক এইচডিপিই ব্যাগ ও বাঁশের খাঁচার সাহায্যে শুরু হয়েছে জোরকদমে বাঁধ সংস্কারের কাজ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বর্ষা মানেই তিস্তার রুদ্ররূপ! তিস্তার ভয়াল গ্রাস থেকে বাঁচবে মরিচবাড়ি? কিন্তু, এই বস্তা ব্যবহার করলেই তিন বছর পর্যন্ত স্বস্তি! ভাঙন রুখতে নয়া পদ্ধতি! তিস্তার আগ্রাসী রূপ আর পাড় ভাঙনে যখন ভিটেমাটি হারানোর আশঙ্কায় দিন কাটছিল নদীপাড়ের বাসিন্দাদের, ঠিক তখনই স্বস্তির তৎপরতা দেখা গেল জলপাইগুড়ির ময়নাগুড়িতে।
তিস্তা নদীর ভাঙন রুখতে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মরিচবাড়ি এলাকায় পুরোদমে শুরু হয়েছে প্রতিরক্ষা বাঁধ মেরামতের কাজ। ভাঙনকবলিত দক্ষিণ মরিচবাড়ির রাবণের মাঠ সংলগ্ন তিস্তা নদী তীরবর্তী এলাকায় বাঁশের খাঁচা ও বিশেষ প্রযুক্তির বস্তার সাহায্যে কাজ চলছে যুদ্ধকালীন গতিতে। কাজের গুণমান নিয়ে এদিন ঠিকাদার সংস্থাকে কড়া বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বাঁধের স্থায়িত্ব ও কাজের মানের সঙ্গে কোনও প্রকার আপস করা যাবে না নির্ধারিত সময়ের মধ্যেই ত্রুটিহীন কাজ সম্পন্ন করতে হবে, এমনটাই নির্দেশ প্রশাসনের।
কিন্তু কী বস্তা ব্যবহারে রুখবে ভাঙন, তিন বছর পর্যন্ত মিলবে স্বস্তি জানেন? প্রশাসনিক ও কারিগরি সূত্রে জানা গেছে, যেসব এলাকায় বোল্ডার বা পাথর পরিবহণের মতো উপযুক্ত রাস্তা নেই, সেখানে সাধারণ চটের বস্তার বদলে আধুনিক এইচডিপিই (High Density Polyethylene) ব্যাগ ব্যবহার করা হচ্ছে। সাধারণ ব্যাগের তুলনায় এই এইচডিপিই ব্যাগ অত্যন্ত টেকসই এবং নদীর প্রবল স্রোতের মুখেও প্রায় তিন বছর পর্যন্ত অক্ষত থেকে নদীর পাড় রক্ষা করতে সক্ষম।
