Last Updated:
রাজু বিস্তার দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্ব আরও বাড়বে। পাশাপাশি পর্যটন, বাণিজ্য, কৃষি, শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গে।
শিলিগুড়ি: উত্তরবঙ্গের পরিকাঠামোয় ১ লক্ষ কোটিরও বেশি টাকা খরচ করবে কেন্দ্র৷ দার্জিলিং পাহাড়, তরাই, ডুয়ার্স, শিলিগুড়ি থেকে সিকিম ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের লক্ষ্যে একাধিক জাতীয় সড়ক প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ি। তাঁর ঘোষণা অনুযায়ী, উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রস্তাবিত হয়েছে ছ’টি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মধ্যে কয়েকটির ডিপিআর তৈরির কাজ চলছে, আবার কোনও প্রকল্পে জমি অধিগ্রহণও শুরু হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পগুলির তালিকা:
১. দার্জিলিং-শিলিগুড়ি বিকল্প জাতীয় সড়ক: আনুমানিক ৬,০০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের ডিপিআর তৈরির কাজ চলছে।
২. শিলিগুড়ি-গুয়াহাটি চার লেনের জাতীয় সড়ক: আনুমানিক ২৬,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।
৩. শিলিগুড়ি-সিকিম চার লেনের সড়ক: প্রায় ৬,০০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের ডিপিআর তৈরির কাজ চলছে।
৪. শিলিগুড়ি-গোরক্ষপুর এক্সপ্রেসওয়ে: প্রায় ৩৮,০০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।
৫. মালবাজার-গুজনজোড়া সংযোগকারী সেতু ও চার লেনের রাস্তা: প্রায় ৩৭৫ কোটি টাকা ব্যয়ে মাল ও নেওড়া নদীর উপর ৬ কিলোমিটার দীর্ঘ সেতু ও চার লেনের সড়ক তৈরির প্রস্তাব রয়েছে।
৬. মহানন্দা নদীর উপর নতুন সেতু: এই সেতু নির্মাণের জন্য প্রায় ২৭৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
দার্জিলিংয়ের বিজেপি সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র রাজু বিস্তার বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরবঙ্গের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় সড়ক, রেল যোগাযোগ, বিমানবন্দরের আধুনিকীকরণ-সহ বিভিন্ন পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাজু বিস্তার দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শিলিগুড়ি করিডরের কৌশলগত গুরুত্ব আরও বাড়বে। পাশাপাশি পর্যটন, বাণিজ্য, কৃষি, শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গে।

