পুজোর সাজে হাতে রংবেরঙের চুড়ি থাকবে না, তা কি হয়! দুর্গাপুজোর আগে শাড়ি, গয়না আর সাজের প্রস্তুতির পাশাপাশি এবার নজর কাড়ছে শিলিগুড়ির এক ছোট্ট দোকান। দিল্লির চাঁদনী চক কিংবা রাজস্থানের জয়পুরে যেভাবে চোখের সামনেই তৈরি হয় বাহারি চুড়ি, সেই অভিজ্ঞতাই এবার মিলছে শিলিগুড়িতে। পছন্দের রং, ডিজাইন আর কারুকাজ বেছে নিয়ে নিজের সামনেই তৈরি করিয়ে নেওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী রাজস্থানি লাখের চুড়ি। সোশাল মিডিয়ায় এই দোকানের ভিডিও ছড়িয়ে পড়তেই বাড়ছে কৌতূহল, ভিড় জমাচ্ছেন ক্রেতা ও কনটেন্ট ক্রিয়েটররা।

