Headlines

Banedi Barir Pujo: শাশ্বত-সব্যসাচীদের আনাগোনা, ৭ নদীর জলে সংকল্প! শিলিগুড়ির ‘এই’ বনেদিবাড়ির পুজো চমক-ঐতিহ্যে ভরপুর | Banedi Barir Pujo Celebrity Touch and Neighbourhood Unity Highlight Deshbandhupara Historic Chakraborty Bari Durga Puja | শিলিগুড়ি খবর


Last Updated:

Banedi Barir Pujo: বাংলাদেশের বিক্রমপুর থেকে শিলিগুড়ির দেশবন্ধুপাড়া! ১৫০ বছরের ঐতিহ্য সামলে চক্রবর্তী বাড়িতে দেবীকে ঘরের মেয়ের মতো আরাধনা। শ্রাবণী চক্রবর্তীর হাতে ৫০ পদের ভোগ আর পাড়ার মানুষের যৌথ অংশগ্রহণে জমজমাট পুজো।

+

শিলিগুড়ির

শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার ঐতিহ্যবাহী চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শহরজুড়ে পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। কোথাও মণ্ডপ তৈরির কাজ শেষ পর্যায়ে, কোথাও চলছে আলোকসজ্জার প্রস্তুতি, আবার কোথাও নতুন পোশাক আর ঠাকুর দেখার পরিকল্পনা। কিন্তু দেশবন্ধুপাড়ার চক্রবর্তী বাড়িতে পুজোর প্রস্তুতি মানেই শুধু পরিবারের ব্যস্ততা নয়। সন্ধ্যা হলেই সেখানে জড়ো হচ্ছেন পাড়ার মহিলারা। কারও হাতে গানের খাতা, কেউ আবার শুরু করে দিচ্ছেন আগমনী গানের সুর। দীর্ঘদিনের এই সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে তাঁরা এখন আর প্রতিবেশী নন, পরিবারেরই অংশ। পুজোর চারদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাঁদের সক্রিয় অংশগ্রহণ থাকে। ফলে এই বাড়ির পুজো তাঁদের কাছে বাইরের কোনও উৎসব নয়, নিজেদের ঘরের উৎসব।

চক্রবর্তী পরিবারের এই পুজোর শিকড় অবশ্য উত্তরবঙ্গে নয়, বহু দূরের বিক্রমপুরে। প্রায় দেড়শো বছর আগে বাংলাদেশের ঢাকায় এই পুজোর সূচনা হয়েছিল। সেই সময়কার পুজোর সঙ্গে জড়িয়ে ছিল মোষ বলির মতো প্রাচীন রীতিও। সময়ের প্রবাহে সেই প্রথা আর নেই। নানা কারণে একটা সময় পুজোর ধারাবাহিকতাতেও ছেদ পড়েছিল। পরে প্রায় ১৫ বছর আগে শিলিগুড়িতে নতুন করে শুরু হয় দেবীর আরাধনা। বর্তমানে রামকৃষ্ণ মিশনের বিধি মেনেই পুজো সম্পন্ন হয়। তবে ঐতিহ্যের নিজস্ব কিছু বৈশিষ্ট্য এখনও অটুট। পুজোর জন্য সাতটি নদী থেকে জল সংগ্রহ করে আনা হয়। দশকর্মার সামগ্রীও বাজারের নির্দিষ্ট দোকান থেকে কিনে আনার পরিবর্তে পরিবারের সদস্যরাই নিজেদের মতো করে সংগ্রহ করেন।

আরও পড়ুন: আদিনা জঙ্গলে শুরু পরিযায়ী পাখিদের রাজ, চলছে গণনা! কীভাবে গুনছে দফতর? জানলে অবাক হবেন

এই পুজোর প্রস্তুতির বড় অংশটাই সামলান পরিবারের গৃহকর্ত্রী শ্রাবণী চক্রবর্তী। প্রতিমার আরাধনা থেকে ভোগের আয়োজন, বাড়ির অনুষ্ঠান থেকে অতিথি আপ্যায়নের প্রস্তুতি—সবকিছুর মধ্যেই তাঁর সক্রিয় উপস্থিতি। দেবী দুর্গাকে তিনি পরিবারের মেয়ের মতোই দেখেন। সেই আবেগ থেকেই পুজোর বিশেষ একটি রীতিতে নিজের হাতে দেবীর গায়ে হলুদ লাগান তিনি। পুজোর ভোগেও থাকে তাঁর বিশেষ ভূমিকা। প্রায় ৫০ ধরনের পদ রান্নার আয়োজন হয়, যার বড় অংশ নিজের হাতেই তৈরি করেন শ্রাবণী। পঞ্চমী থেকে পরিবারের খাবারে থাকে নিরামিষের নিয়ম, আর দশমীতে ফিরে আসে আমিষের আয়োজন।

আরও পড়ুন: ৪.৪১ কোটির ১২ জিপিএস-যুক্ত সাফাই গাড়ি! শিলিগুড়িতে নতুন চমক, আর কী কী পরিকল্পনা? জানুন

শ্রাবণী চক্রবর্তীর মতে, এই পুজোর আসল শক্তি হল সবাইকে সঙ্গে নিয়ে উৎসব করা। শুধু পরিবারের লোকজন নয়, বছরের পর বছর ধরে পাড়ার বাসিন্দারাও পুজোর বিভিন্ন কাজে নিজেদের যুক্ত করেছেন। কেউ রান্নাঘরে সাহায্য করেন, কেউ অতিথিদের দেখাশোনা করেন, আবার কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নেন। পুজোর দিন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা একসঙ্গে বসে খাওয়াদাওয়াও করেন। তাই তাঁর কাছে এই উৎসবের আনন্দ প্রতিমা দর্শনের পাশাপাশি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর হওয়ার মধ্যেও রয়েছে।

অন্যদিকে, বাড়িতে আসা অতিথি এবং দর্শনার্থীদের দেখভালের দায়িত্ব সামলান গৃহকর্তা দীপজ্যোতি চক্রবর্তী। তাঁর কথায়, এই পুজো দেখতে প্রতি বছর শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। আত্মীয়স্বজনের পাশাপাশি পরিচিত এবং পাড়ার বহু মানুষও বাড়িতে ভিড় করেন। ফলে পুজোর ব্যস্ততার মধ্যেও অতিথিদের যাতে কোনও সমস্যা না হয়, তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা যাতে করা যায়, সেদিকটা সামলানো তাঁর অন্যতম দায়িত্ব। পুজোর আয়োজন শুধু দেবীর আরাধনা নয়, অতিথি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াও এই পরিবারের কাছে উৎসবের গুরুত্বপূর্ণ অংশ।

এবারও চক্রবর্তী বাড়ির পুজোয় থাকছে ঐতিহ্যের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন। শিলিগুড়ির শিল্পী সুশান্ত পালের তৈরি ডাকের সাজের প্রতিমায় হবে দেবীর আরাধনা। সন্ধ্যার পর বাড়ির পরিবেশ জমে উঠবে আগমনী গান, ধুনুচি নাচ এবং নানা সাংস্কৃতিক আয়োজনে। এই পুজোর অতিথিদের তালিকাতেও রয়েছে বিশেষ আকর্ষণ। শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী-সহ চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ বিভিন্ন সময়ে এই পুজোয় উপস্থিত হন। তবে চক্রবর্তী বাড়ির দরজা পেরোলেই তাঁদের তারকা পরিচয় যেন পিছনে পড়ে যায়। পাড়ার মানুষ ও পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে উৎসবে মেতে ওঠেন তাঁরাও। দেড়শো বছরের ঐতিহ্য, পারিবারিক আবেগ, প্রতিবেশীদের অংশগ্রহণ এবং তারকাদের সঙ্গে সাধারণ মানুষের একাত্ম হয়ে যাওয়ার এই পরিবেশই চক্রবর্তী বাড়ির দুর্গাপুজোকে শিলিগুড়ির অন্য পুজোগুলির থেকে আলাদা করে তুলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *