Last Updated:
বৈঠক শেষে ইমিগ্রেশন চেকপোস্ট এবং সীমান্ত পরিদর্শন করে আইজি জানান, এসএসবির সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে সমন্বয় বৈঠক হয়েছে।
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: সীমান্তের নজরদারির খুঁটিনাটি খতিয়ে দেখতে ইন্দো-নেপাল সীমান্ত পরিদর্শন করলেন উত্তরবঙ্গের আইজি সুখেশ কুমার জৈন। আজ খড়িবাড়ির রানিগঞ্জ পুলিশ পোস্টের পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন আইজি। পরে এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি বন্দন সাক্সেনা এবং উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি।
এদিন প্রথমে ফিতে কেটে ব্যারাকের উদ্বোধন করার পর দূরবীন নিয়ে ওয়াচ টাওয়ার থেকে সীমান্ত পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন দার্জিলিং রেঞ্জের ডিআইজি জয়িতা বোস ও জেলা পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও। পরে এসএসবি-র আইজির সঙ্গে বৈঠক হয়। মূলত সীমান্তে চোরাচালান, মানব পাচার, বিদেশি নাগরিক, নেশাজাতীয় দ্রব্য-সহ একাধিক বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।
বৈঠক শেষে ইমিগ্রেশন চেকপোস্ট এবং সীমান্ত পরিদর্শন করে আইজি জানান, এসএসবির সঙ্গে সীমান্ত সুরক্ষা নিয়ে সমন্বয় বৈঠক হয়েছে। সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কাজকর্ম বন্ধ করতে জোর দেওয়া হয়েছে। শিলিগুড়ি করিডর স্পর্শকাতর এলাকা। বিএসএফ, এসএসবি ও পুলিশকে নিয়ে বিভিন্ন বিষয়ে বৈঠক হয়। বাংলাদেশ, ভুটান ও নেপাল সীমান্তে নজরদারি রয়েছে। দুর্গাপুজো উপলক্ষে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। মণ্ডপ ও যান চলাচল নিয়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সতর্ক রয়েছি। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চারচাকা গাড়ি ও বাইক দেওয়া হয়েছে। এর মাধ্যমে আরও নিরাপত্তা সুনিশ্চিত হবে।

