Last Updated:
Indian Railways: নকশালবাড়িতে রেললাইন পারাপারের সময় লাল টি-শার্ট উড়িয়ে ট্রেন থামিয়ে হাতির একটি বিশাল দলকে রক্ষা করল বন দফতর। টুকরিয়া জঙ্গল থেকে ১৪ কিমি পথ অতিক্রম করে হাতির দলকে নিরাপদে বাগডোগরা জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: টানা পাঁচ ঘণ্টার অভিযান! একদিকে লোকালয়ে হাতির হানা রোখার চ্যালেঞ্জ, অন্যদিকে রেললাইন পারাপারের সময় ছুটে আসা ট্রেনের সামনে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। শেষ পর্যন্ত বনকর্মীদের তৎপরতা ও উপস্থিত বুদ্ধিতে নিরাপদে রক্ষা পেল হাতির বিশাল দল। শনিবার নকশালবাড়ির রথখোলা সংলগ্ন টুকরিয়া জঙ্গল থেকে প্রায় ১৪ কিলোমিটার পথ অতিক্রম করে হাতির দলটিকে বাগডোগরা জঙ্গলে ফিরিয়ে নিয়ে গেল বন দফতর। আর এই অভিযানেই লাল টি-শার্ট উড়িয়ে ট্রেন থামানোর ঘটনা ঘিরে তৈরি হয় চরম উদ্বেগের মুহূর্ত।
বন দফতর সূত্রে খবর, প্রায় ১০ দিন ধরে বাগডোগরা, কলাবাড়ি ও ইউসিসি জঙ্গল থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে শতাধিক হাতি টুকরিয়া জঙ্গলে এসে আশ্রয় নিয়েছিল। হাতির দলে একাধিক শাবকও ছিল। জঙ্গল থেকে বেরিয়ে হাতির পালটি আশপাশের গ্রামের কৃষিজমিতে হানা দিচ্ছিল। ফলে একদিকে ফসলের ক্ষতির আশঙ্কা, অন্যদিকে মানুষ ও হাতির সংঘাতের সম্ভাবনা বাড়ছিল। পরিস্থিতি সামাল দিতে শনিবার বিশেষ এলিফ্যান্ট ড্রাইভের পরিকল্পনা করে বন দফতর। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই অভিযান।
অভিযানে কার্শিয়াং বন বিভাগের বাগডোগরা, টুকরিয়া, ঘোষপুকুর ও পানিঘাটা রেঞ্জের বনকর্মীদের পাশাপাশি এলিফ্যান্ট স্কোয়াড, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি এবং বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের প্রায় ৭০ জন সদস্য অংশ নেন। টুকরিয়া জঙ্গল থেকে বেরিয়ে হাতির দলটি নকশালবাড়ি চা বাগান, আসমাবাদ চা বাগান, ইউসিসি বনাঞ্চল, পাহাড়গুমিয়া চা বাগান ও দমদমা ডিভিশন হয়ে কিরণচন্দ্র চা বাগানের সামনে পৌঁছয়। দীর্ঘ ১৪ কিলোমিটার পথে হাতির গতিবিধির ওপর নজর রাখেন বনকর্মীরা। বন দফতরের গাড়ি ও ট্রাক্টর ব্যবহার করে হাতির দলটিকে নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়। হাতিরা অন্য পথে যাওয়ার চেষ্টা করলেই সাইরেন বাজিয়ে ও পটকা ফাটিয়ে তাদের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়।
তবে অভিযানের মাঝেই সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় রেললাইন পারাপারের সময়। হাতির দলটি যখন লাইন পার হচ্ছিল, ঠিক তখনই দ্রুতগতিতে এগিয়ে আসছিল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস। লাইনের পাশে পাহারায় থাকা ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ করেন। রেঞ্জ অফিসার সম্ব্রত সাধুর উপস্থিত বুদ্ধিতে এক চা শ্রমিকের গায়ের লাল টি-শার্ট খুলে তা উড়িয়ে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে চিৎকার করে চালককে থামার সংকেত দিতে থাকেন বনকর্মীরা। তাঁদের তৎপরতা বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন চালক। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাতির দলটি।
শেষ পর্যন্ত বিকেল ৫টা নাগাদ দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান সফল হয়। হাতির দলটিকে নিরাপদে বাগডোগরা জঙ্গলে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয় বন দফতর। একদিকে কৃষিজমিতে হাতির হানা নিয়ন্ত্রণ, অন্যদিকে রেললাইনে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো, দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অভিযানে অংশগ্রহণকারী বনকর্মীরা। বিশেষ করে লাল টি-শার্ট উড়িয়ে ছুটে আসা ট্রেন থামানোর ঘটনাটি এই অভিযানের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে উঠেছে। বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বন দফতরের এই সমন্বিত উদ্যোগ আবারও সামনে আনল বনকর্মীদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও দলগত প্রচেষ্টার গুরুত্ব।
