গোপালপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট, আন্দোলনে গ্রামবাসীরা
কোচবিহার জেলার গোপালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবার অভাবের অভিযোগে আন্দোলনে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, একসময় এই স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি পরিষেবা, লাইগেশনসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সুবিধা মিললেও গত প্রায় ১৫ বছর ধরে পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে চিকিৎসকের সংকটের পাশাপাশি জলাতঙ্কের প্রতিষেধক ও সাপে দংশনের অ্যান্টিভেনমের মতো জরুরি ওষুধও পাওয়া যায় না বলে অভিযোগ।স্থানীয়দের অভিযোগ, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি বড়রাংরস ও মরিচবাড়ি-খোল্টা এলাকার হাজার হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। কিন্তু সামান্য অসুস্থতা বা জরুরি পরিস্থিতিতেও রোগীদের প্রায় ১৪ কিলোমিটার দূরের কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হওয়ায় রোগীদের ভোগান্তি বাড়ছে বলে দাবি তাঁদের।এই সমস্যার বিষয়টি প্রথম তুলে ধরে Dooars News 24। এরপর বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে আরও কয়েকটি সংবাদমাধ্যমও ঘটনাটি প্রকাশ করে। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে গোপালপুর স্বাস্থ্যকেন্দ্রে পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা চালু, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করতে হবে।এদিকে কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে রয়েছে এবং এলাকার মানুষ যাতে দ্রুত উন্নত স্বাস্থ্য পরিষেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
