
কোচবিহার, ২৬ জুলাই: কার্গিল বিজয় দিবস উপলক্ষে কোচবিহারের বাণেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়ে প্রাক্তন সৈনিক সংঘ ও মহাবিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বীর শহীদদের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কার্গিল যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর সাধারণ মানুষের জন্য আয়োজিত স্বাস্থ্য শিবিরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
এই শিবিরে মেডিসিন, গাইনোকোলজি, ডেন্টালসহ একাধিক বিভাগের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। এলাকার বহু মানুষ এই সুযোগ গ্রহণ করে স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং কার্গিলের বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজনের দাবি জানান।
প্রতিবেদনে: সুষমা দাস, কোচবিহার