কারগিল বিজয় দিবসে কোচবিহারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, আবেগঘন অনুষ্ঠানে প্রাক্তন সেনাকর্মীরা
কোচবিহার, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে কোচবিহারের সাগরদীঘির পার্শ্বে অবস্থিত পেটন ট্যাংকের সামনে জেলা প্রাক্তন সৈনিক সংঘের উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতি বছরের মতো এবারও কারগিল যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ, নীরবতা পালন এবং শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন সেনাকর্মীরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় কারগিলের বীর শহীদদের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁদের বক্তব্য, দেশের জন্য প্রাণ উৎসর্গকারী এই বীর সেনানীদের ত্যাগ জাতি কখনও ভুলতে পারবে না।বক্তারা আরও বলেন, কারগিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, সাহস ও আত্মত্যাগ আগামী প্রজন্মের কাছে দেশপ্রেমের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তাই নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা এবং শহীদদের স্মৃতি সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে উপস্থিত সকলেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেমের চেতনাকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।প্রতিবেদক: রাজীব কুমার ঝা, কোচবিহার
